পদত্যাগ করেই বোমা ফাটালেন অনিল কুম্বলে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বিবৃতি জারি করে স্পষ্ট করে দিলেন অধিনায়ক বিরাট কোহলির গোঁয়াড়তুমির জন্যই পদত্যাগ করেছেন তিনি। সঙ্গে বিসিসিআই ও ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
কোচ হিসাবে তাঁর ১ বছরের কার্যকালে অধিনায়ক, দলের সদস্য, কোচিং ও সাপোর্ট স্টাফেদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে কুম্বলে লিখেছেন, অধিনায়কের আমার কোচিং স্টাইল ও কোচ হিসাবে কার্যকাল বাড়ানো নিয়ে মতান্তর ছিল। আমি বরাবরই কোচ ও অধিনায়কের সীমানার সম্মান করে এসেছি। বিসিসিআই আমাদের মধ্যের ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা করেছিল। কিন্তু আমি বুঝেছি তা মেটার নয়। তাই এটাই দায়িত্ব ছাড়ার সেরা সময় বলে মনে করেছি।
পেশাদারিত্ব, শৃঙ্খলা, উদ্যম, সততা, যথাযথ দক্ষতা ও বিস্তৃত দৃষ্টিভঙ্গীকে আমি সব সময়ই সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। কোচ ও অধিনায়কের জুটিকে অটুট রাখতে এগুলিকে মর্যাদা দেওয়া গুরুত্বপূর্ণ। আমার মনে হয় দলের স্বার্থে কোচের দায়িত্ব হল আয়না ধরা। যাতে ক্রিকেটাররা নিজেদের ভুল নিজেরাই শুধরে নিতে পারেন।
আমার মনে হয় এই মূল্যবোধের নিরিখেই উপযুক্ত ব্যক্তিকে পরবর্তী কোচ হিসাবে বেছে নেবে বিসিসিআই ও সিএসি। এদিকে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে কুম্বলের ইস্তফা গৃহীত হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। কুম্বলের পদত্যাগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট মহলে।





