চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষ হওয়ার পর মোটেই বিশ্রাম পেল না ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার লন্ডন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরে টিম ইন্ডিয়া। একদিন পর বৃহস্পতিবার ক্যারিবিয়ান দেশে পৌঁছল বিরাট কোহলির দল।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক জেসন হোল্ডার পোর্ট অব স্পেনে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলিকে অভ্যর্থনা জানান। টিম হোটেলের সামনে কোহলির সঙ্গে ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন ক্যারিবিয়ান দলনায়ক।

ওয়েস্ট ইন্ডিজ সফরের চেয়েও এখন বেশি আলোচিত হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে অনিল কুম্বলের পদত্যাগ করা। অধিনায়ক কোহলির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার পদত্যাগ করেন কোহলি। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রধান কোচ ছাড়াই খেলতে হচ্ছে ভারতকে। এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, আগামী শ্রীলঙ্কা সফরের আগেই নতুন কোচ নিয়োগ দেয়া হবে।

রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৮০ রানের বড় ব্যবধানে পরাজিত হয় ভারত। কুম্বলে পদত্যাগ করায় ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর ওয়েস্ট ইন্ডিজ সফরে টিম ইন্ডিয়ার দায়িত্ব পালন করবেন।

আগামী শুক্রবার ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে ২৫ ও ৩০ জুন এবং ২ ও ৬ জুলাই মাঠে গড়াবে। ৯ জুলাই জ্যামাইকার স্যাবাইনা পার্কে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।