এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কগুলোতে নিরাপত্তা দেয়াসহ সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে গাজীপুরের চন্দ্রা মোড় পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

বুধবার সকালে চন্দ্রা মোড়ে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে। এসময় ধীরগতিতে গাড়ি চলায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। ঘণ্টা দুয়েক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এদিকে, সকালে চন্দ্রা মোড় পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, বড় ধরণের কোন দুর্যোগ না হলে এবারও ঈদের যাত্রা হবে স্বস্তিদায়ক।

ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে আমরা যে প্রয়াস চালিয়ে যাচ্ছি, খুব বেশি প্রাকৃতিক দুর্যোগ না হলে ঘরমুখী জনগণকে স্বস্তি দিতে পারব। জনদুর্ভোগটা সহনীয় মাত্রায় রাখতে পারব।’ সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

সে সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।