চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। স্বাভাবিকভাবেই এতে সমগ্র ভারতজুড়ে নেমে এসেছিল শোকের চাদর।
কিন্তু এমন অবস্থায়ও ভারতের কিছু এলাকার মানুষকে পাকিস্তানের জয়ে উল্লাস করতে দেখা গেছে। তারা আতশবাজি ফুটিয়ে পাকিস্তানের জয় উদযাপন করেছে, এমনকি ভারতের মাটিতে দাঁড়িয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ শ্লোগান দিতেও ভোলেনি।
এবং এমন ‘অপরাধের’ হাতেনাতে সাজাও মিলেছে। পাকিস্তানের জয় উদযাপনের দায়ে ১৫ জুন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। থানায় এই অভিযোগ দায়েরের পর ভারতীয় দণ্ডবিধির ১২০বি ও ১২৪এ ধারা মতে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, আসামীদের সাজা হিসেবে আজীবন কারাদন্ডও দেয়া হতে পারে।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ওই মামলার তদন্ত কর্মকর্তা রামসে যাদব দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ওই ব্যক্তিদের সরকারি সুযোগ-সুবিধা বন্ধের অনুরোধ জানিয়ে জেলা ম্যাজিস্ট্রেটকে পুলিশের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে অচিরেই।





