চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালেই ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মনোমালিন্য হয় কোচ অনিল কুম্বলের। এরপর এ মনোমালিন্য প্রায় তিক্ততার পর্যায়ে চলে আসে। ফলে বাধ্য হয়েই সরে দাঁড়ান কুম্বলে।
মঙ্গলবার হঠাৎ নিজের এ সিদ্ধান্তের কথা জানান এক ইনিংসে ১০ উইকেট তুলে নেওয়া সাবেক এ ভারতীয় স্পিনার।
আগামী ২৩ জুন থেকে
শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। টাইমস নাউয়ের খবর অনুযায়ী, বিসিসিআইয়েরর উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক করেন অধিনায়ক বিরাট কোহলি। এ কমিটিতে আছেন শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ। বৈঠকে অধিনায়ক একটি বিষয় স্পষ্ট করে দেন, ভারতীয় দলের কোচের সঙ্গে তার সম্পর্ক খুবই তিক্ত হয়ে গিয়েছে যা আর ভালো হওয়া সম্ভব নয়। এই বৈঠকের জের হিসেবেই নিজের ইস্তফা ঘোষণা করে দেন অনিল কুম্বলে।
তবে কুম্বলে যে পদত্যাগ করবেন তা আগেই কিছুটা ধারণা করা গিয়েছে। কারণ উপদেষ্টা কমিটির সঙ্গে আলাপ শেষে কিছু না বললেও মঙ্গলবার ভারত দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেননি তিনি। তখনই বিষয়টি নিয়ে চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে।





