টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই প্রধান শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন ঘাটাইল উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে ঘাটাইল উপজেলা পরিষদের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন হয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- ঘাটাইল পৌর মেয়র শহিদুজ্জান খান, প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান খান, সাধারন সম্পাদক সুজাত আলী খান, প্রধান শিক্ষক বাছেদ করিম, হুমায়ুন কবির, আ. রউফ, কলেজ শিক্ষক জিল্লু রহমান জুলহাস প্রমুখ।

এ ছাড়া প্রতিবাদ সমাবেশে বক্তারা চব্বিশ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

প্রসঙ্গত, স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে গত রবিবার ও সোমবার ঘাটাইল উপজেলার নূরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এবং বারই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকবর হোসেনকে মারধর করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় সহকারী শিক্ষা কর্মকর্তা জি.এম ফুয়াদ মিয়াকেও হুমকি দেয়া হয়।