ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ পাপুয়া নিউ গিনির কার্সটেনজ পিরামিডে অভিযান শেষে ফেরার পথে বিরূপ আবহাওয়ার কারণে বেইজ ক্যাম্পে আটকা পড়েছেন বাংলাদেশের পর্বতারোহী মুসা ইব্রাহীম ও তাঁর দুই সঙ্গী।
সামিট সফলভাবে শেষ করে গত ১৩ জুন বেইজ ক্যাম্পে পৌঁছান মুসারা। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে ১৪ তারিখ থেকে তাঁরা সেখানেই আটকে আছেন। মুসার বোন আয়েশা নূর ফেইসবুকে জানিয়েছেন, তাঁদের সঙ্গে আরেকটি অভিযাত্রী দলও সেখানে আটকে আছে। আগের অভিযাত্রীদের রেখে যাওয়া পর্যাপ্ত খাবার ক্যাম্পে আছে। ইন্দোনেশিয়ায় ভারত ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সে দেশের সাথে যোগাযোগ করে মুসা ও অপর দলটিকে উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, আবহাওয়া একটু ভালো হলেই আবারও উদ্ধার অভিযানে যাওয়া হবে।
২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান মুসা ইব্রাহিম।





