ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দীর্ঘ দুই মাসের সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাশরাফি-সাকিবদের বহন করা বিমান।
দীর্ঘ ১১ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো আসরে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে সেমিতে ভারতের কাছে হেরে আর স্বপ্নের ফাইনাল খেলা হয়নি টাইগারদের।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগেভাগেই গত ২৭ এপ্রিল সাসেক্সে ক্যাম্প করতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ। সেখানে ৯ দিনের ক্যাম্প করে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ টাইগাররা। সেই সিরিজে ৪ ম্যাচে ২ টি জয়, একটি পরাজয় আর এক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ২৫ মে ইংল্যান্ডে ফেরে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে বাংলাদেশ এক পয়েন্ট অর্জন করে। আর ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পায় স্বপ্নের সেমিফাইনালের টিকেট। তবে ফাইনালে ভারতের কাছে হেরে যায়।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশ ছাড়ার আগে সেমিফাইনাল খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন টাইগাররা। আজ (শনিবার) সেটিকেই বাস্তব রূপ দিয়ে দেশে ফিরলো বাংলাদেশ।





