সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সরকার যখন পুরোদমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া ঘরে বসে সরকারের সমালোচনা আর দুর্গতদের জন্য মায়াকান্না করছেন।
শুক্রবার (১৬ জুন) কুমিল্লার দাউদাকান্দিতে মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজা অনলাইন ওয়েব বেইজড এক্সেল লোড ওয়েয়িং স্কেল সিস্টেম বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে অবস্থান করলেও তিনি বা তার দলের নেতারা দুর্গতদের কোনও ধরনের খোঁজ খবর নেননি। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে অবস্থান করলেও এই তথ্য প্রযুক্তির যুগে সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজ খবর রাখছেন। তিনি প্রতিদিনের ত্রাণ তৎপরতা মনিটরিং করছেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এবং আমাদের সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।
এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসূফ সেইন, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





