আগামীতে বিএনপি ও ২০ দল ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ কোনো নির্বাচন করতে পারবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ইফতারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে। সেই নির্বাচনে বিএনপি জিতবে। আমরা সহায়ক সরকারের কথা বলেছি, সহায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।’
প্রতিবেশী দেশ ভারতের দিকে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এবার তাদের সুর একটু বদল হয়েছে। ২০১৪ সালের নির্বাচনে তারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। এবার তারা তাদের ভুল বুঝতে পেরেছে।’
বিভিন্ন মামলায় কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান খালেদা জিয়া।
মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ইফতারে বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মী অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।





