খুলনায় দুর্বৃৃত্ত‌দের গুলিতে শাহাদাত হোসেন মোল্লা (৬২) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হ‌য়ে অাহত হ‌য়ে‌ছেন অারও চারজন।

বুধবার (১৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর রায়েরমহল স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাৎ হো‌সেন মোল্লা রা‌য়েরমহল এলাকার মৃত গয়ের মোল্লার ছেলে। তি‌নি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন ব‌লে জানা গে‌ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সুমন রঞ্জন সরকার জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শাহাদত হোসেন মোল্লাসহ ৪/৫জন রায়ের মহল বাজারের পা‌শে মুহসিন স্কুল মাঠে বসেছিলেন। এ সময় অজ্ঞাতপ‌রিচয় দুর্বৃত্তরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন মোল্লা মারা যান। এ সময় লিয়াকত, রু‌বেল, বুলবুল ও মোস্তফা নামে অারও চারজন অাহত হন। প‌রে তা‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়। তবে কি কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘ‌টি‌য়ে‌ছে তা প্রাথ‌মিকভা‌বে পুলিশ জানা‌তে পা‌রে‌নি।
এ‌দি‌কে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, অাহত‌দের মধ্যে রুবেল ও বুলবুলের অবস্থা আশঙ্কাজনক।