গত সোমবার (১২ জুন) রাত থেকে মঙ্গলবার (১৩ জুন) ভোর পর্যন্ত দুই দিনের টানা বর্ষণে রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধস এবং গাছ চাপার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চারজন সেনা সদস্যও রয়েছেন, তারা মানিকছড়ি ক্যাম্পের সদস্য বলে জানা গেছে।

গত মঙ্গলবার ভোর থেকে বুধবার রাত ১০টা পর্যন্ত দেড়শ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সেনা বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টার পর্যন্ত দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মৃতদেহ রয়েছে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

নিহতদের মধ্যে নারী ও শিশুসহ রাঙ্গামাটিতে ১০৭, বান্দরবানে ছয়, কক্সবাজারে দু’জন, খাগড়াছড়িতে একজন এবং চট্টগ্রামে ৩৪ জন রয়েছেন। এ সব এলাকায় আরও স্থানীয় বাসিন্দা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রাঙ্গামাটিতে আহত আছেন আরো অন্তত ৫০ জন। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলায় পাহাড় ধসে এসব হতাহতের ঘটনা ঘটে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ, সেনা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসব তথ্য নিশ্চিত করেছেন।