‘আমি দুঃখিত যে আপনাদের আশা অনুযায়ী খেলতে পারছিনা। সময়টা হয়তো আমার খারাপ যাচ্ছে, চেষ্টা করবো আমার সেরাটা দিয়ে খেলার ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া কাম্য।’ নিজের ফেসবুক পেইজে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন টাইগার সেনসেশন মোস্তাফিজুর রহমান।

দীর্ঘ দিনের ইনজুরির ছোবল বাদ দিলে গেল বছরের বাকি সময়টা ছিল মুস্তাফিজময়। পুরো বছরে অসংখ্য মুকুট উঠেছে মুস্তাফিজের শোকসে। দুহাত ভরে কুড়িয়েছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং ক্রিকেটবোদ্ধাদের প্রশংসা। এককথায় বছরজুড়েই ছিল মোস্তাফিজের কল্পকথা।

তবে ইনজুরি থেকে ফিরে আগের রূপটা হারিয়ে ফেলেছেন মুস্তাফিজ। মাঝে মধ্যে বল হাতে জ্বলে উঠেন তিনি। তবে উইকেট কম পেলেও বেশ কিপটে বোলিং করছেন মোস্তাফিজ। মুস্তাফিজের সর্বশেষ আট ইনিংসের বোলিং ফিগার এমন ২/১৭, ২/৩৩, ৪/২৩, ১/৪৬, ১/৫৩, ০/৫১, ০/২৭, ১/৫২।

মুস্তাফিজের পেছনের উপাখ্যানটাও ছিল দারুণ। টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম ম্যাচে বল হাতে আগুন ঝরান ফিজ। যাত্রা ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২০ রান খরচায় তুলে নেন ২ উইকেট। যার মধ্যে ছিল ছক্কার রাজা শহীদ আফ্রিদির উইকেট।

জাদুর কাঠি নিয়ে টাইগার ক্রিকেটে আবির্ভাব হওয়া মুস্তাফিজকে নামিয়ে দেয়া হয় ভারতের বিপক্ষে। ২০১৫ সালের মাঝামাঝিতে ভারতের বিপক্ষে ওই ম্যাচ দিয়েই একদিনের ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজের। নেমেই ম্যাজিক। প্রথম দিনেই তুলে নেন ৫ উইকেট। পাঁচ শিকারের তালিকায় ছিলেন একদিনের ক্রিকেটে অন্যতম নামকরা তারকা মহেন্দ্র সিং ধোনি। ছিলেন রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবিচন্দ্রন অশ্বিনের মত সুপার ডুপার ব্যাটসম্যানরা। এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন ভারতে বিপক্ষে। নিয়েছেন ১৩টি উইকেট।