গাজীপুর পূবাইল এলাকায় মালবাহী কনটেইনার ট্রেনের ইঞ্জিন ও ৬টি বগি লাইনচ্যুত হওয়ার পর সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

তবে বর্তমানে অপর লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বুধবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পূবাইল কলেজগেট এলাকায় ওই ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর থেকে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও অপর লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ঢাকা এবং আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন।

সরেজমিন দেখা গেছে, ঢাকাগামী মালবাহী কনটেইনার ট্রেনটি পুবাইল রেল স্টেশনের পশ্চিমে এবং কলেজ গেটের পূর্বপাশে ইঞ্জিন লাইনচ্যুত এবং এর ৬টি বগি লাইনচ্যুত হয়ে কাত হয়ে রেললাইনের পাশে পড়ে গেছে। প্রায় ১০০ ফুটের মতো লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

পূবাইল স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, ট্রেনটি ওভার স্পিড থাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছে। পূবাইল স্টেশনের ১নং লুপলাইনে যেখানে ঘণ্টায় ১৬ কিলোমিটার গতি থাকার কথা সেখানে ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটারের উপরে। চট্টগ্রামগামী ট্রেনগুলো ডাউনলাইনে নির্বিঘ্নেই চলাচল করছে তবে ঢাকাগামী ট্রেনগুলো একই লাইনে পাস করতে গিয়ে ৫-৭ মিনিট করে বিলম্বিত হচ্ছে।