রাজধানীর মহাখালীর সাততলা বস্তি এলাকায় চাঁদা না দেওয়ায় এক হোটেল ব্যবসায়ী হামলা শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তির নাম শামীম আহমেদ (৪২)। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর ভাই মো. আজাদ জানান, তাঁরা মহাখালী সাততলা বস্তির একটি টিনশেড ঘরে থাকেন। ওই এলাকায় নিরিবিলি নামে তাদের একটি খাবার হোটেল আছে। এলাকার শিমুল, লিটন, মনির, মল্লিকসহ কয়েকজন প্রায়ই তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় ভোরে বাসায় ঢুকে তারা শামীমকে গুলি করেন। গুলিটি শামীমের হাতের আঙুলে লেগেছে। এ সময় চাঁদাবাজরা পিস্তলের বাট দিয়ে শামীমের মাথায় আঘাত করে বলে অভিযোগ করেন আজাদ। শামীমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, ‘এ রকম একটা ঘটনা শুনেছি। শামীমের মাথায় আঘাত আছে, কিন্তু গুলির কোনো আলামত আমরা পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’





