আসন্ন ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনেও নির্বাচনের ভোটে লড়ার ইঙ্গিত দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (১২ জুন) সকালে রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন ইঙ্গিত দেন তিনি।

একই সঙ্গে প্রস্তাবিত বাজেটে করের কারণে জনজীবন অস্থির হয়ে উঠেছে মন্তব্য করে এরশাদ বলেন, এই বাজেট নির্বাচনী বাজেট হওয়া উচিত ছিল। কিন্তু করের বোঝ জনগণের ওপর চাপিয়ে দিয়ে বিগ বাজেট ঘোষণা করলেও তাতে খুশি নন কেউই। বরং দেশবাসী এ বাজেটকে প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘এই বাজেটে কৃষক, চাকরীজীবি, ব্যবসায়ী, রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা কেউই খুশি নয়। কারণ একটিই এ বাজেট জনবান্ধব নয়।’

২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘রংপুরের ৬টি আসনসহ সারা দেশের ৩০০ আসনেই আমরা প্রার্থী ঠিক করেছি। এরমধ্যে ১০০ আসনে আমরা জয়ী হবো। জয়ী হওয়ার মতো আমাদের আরও ৩০টি আসন আছে।’

এসময় দলীয় নেতাকর্মীসহ আরও উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সেক্রেটারি এসএম ইয়াসির ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাফিউল ইসলাম শাফী প্রমুখ।