প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে খেলতে গিয়েই ইতিহাসে নাম লিখিয়ে নিয়েছে বাংলাদেশ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

‘বি’ গ্রুপ রানার্স হয়েই সেমিতে খেলবে টাইগাররা। কার্ডিফে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোখ জুড়ানো পারফরমেন্সে দুর্দান্ত জয়ের কারণেই সেমিতে খেলার আশা ধরে রেখেছিল টাইগাররা। এরপর গতকাল ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় প্রথমবারের

মত আইসিসির কোন ইভেন্টের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে মাশরাফির দল।

শুক্রবার কিউইদের হারানোর পর অপেক্ষায় থাকতে হয়েছিল লাল-সবুজদের। শনিবার চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪০ রানে হারায় ইংল্যান্ড। এর সুবাদে মাশরাফিদের সেমিফাইনাল নিশ্চিত হয়।

শুক্রবার কিউইদের বিপক্ষে বাংলাদেশের ৩৩ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর অসাধারণ কামব্যাক করা জয়ে ছিল না কোন অতিরিক্ত উন্মাদনা। ড্রেসিং রুমে ‘আমরা করবো জয়’ পর্যন্তই সীমাবদ্ধ ছিল সেলিব্রেশন। এমন তথ্য দিয়েছেন জাতীয় দলের কোচ চান্ডিকা হাথুরু সিংহে।

তিনি বলেছেন, ‘রমজান মাস চলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর শুক্রবার রাতে কোন পার্টি হয়নি। ছেলেরা সবাই রোজা রেখেছে। ’ বাংলাদেশ দলকে নিয়েও তার মুখে ঝরলো প্রশংসা, ‘ছেলেরা টুর্নামেন্টে ভালো খেলেছে। শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাদে। ’