সাগরে নিম্মচাপ ও টানা ভারী বর্ষণের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌবন্দরে এক নম্বর সতর্ক সংকেত জারি করেছে বিআইডব্লিওটিএ কর্তৃপক্ষ।
বৃষ্টিপাতের কারণে বিভিন্ন মালবাহী জাহাজ থেকে পণ্য খালাশের কাজ করতে না পারায় সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে নৌবন্দরের সকল কার্যক্রম। নৌ বন্দরে আটকা পড়েছে শতাধীক মালবাহী কার্গো জাহাজ। আশুগঞ্জ থেকে ৬টি নৌরুটে বন্ধ রয়েছে নৌ চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আশুগঞ্জ অফিস সূত্রে জানা যায়, সাগরে নিম্নচাপের কারণে এই বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যার কারণে নৌবন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
এছাড়া উপজেলার ২টি লঞ্চ টার্মিনাল থেকে আশুগঞ্জ-আজমীরীগঞ্জ, আশুগঞ্জ-অষ্ট্রগ্রাম, আশুগঞ্জ-ভৈরব, আশুগঞ্জ-নবীনগরসহ ৬টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছে নৌপথের যাত্রীরা। এছাড়াও রবিবার রাত থেকেই উপজেলার সর্বত্র বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়া বয়ে যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম জানান, সাগরে নিম্মচাপের কারণে নৌবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার নৌ চলাচল বন্ধ থাকবে।
সোমবার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দর থেকে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারসহ সকল প্রকার নৌ চলাচল বন্ধ রয়েছে।





