চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তির লড়াইয়ে জিতল ইংল্যান্ড। এই জয়ের ফলে জিতল বাংলাদেশ। বিষয়টি একটু খটকা লাগলেও হিসাব-নিকাশ তাই বলছে। বাংলাদেশ পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় সেমিফাইনাল নিশ্চিত হল।
ভালো শুরুর পর এদিন রানে পাহাড় গড়ার ইঙ্গিত দিয়েছিল স্মিথ বাহিনী। কিন্তু হঠাৎই আদিল রশিদের ঘূর্ণিতে এলোমেলো হয়ে গেল অজি ব্যাটিং লাইনআপ। অন্যদিকে পেস আক্রমণে অজিদের ঘায়েল করেন মার্ক উড। মরগ্যান বাহিনীর সামনে টার্গেট দেয় ২৭৮ রানের। জবাবে প্রথমে চাপের মুখে পরলেও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বৃষ্টি আইনে ৪০ রানে জিতে গেল ইংল্যান্ড।
ইংল্যান্ড জয়ে হাসছে বাংলাদেশ।
গতকাল কার্ডিফে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ বাড়িয়ে রেখেছে বাংলাদেশ। কিন্তু মাশরাফিদের তাকিয়ে থাকতে হচ্ছে আজকের ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। এই ম্যাচে ইংল্যান্ড জিতলে বা ম্যাচটি বৃষ্টির বাধায় পরিত্যক্ত হলেই বাংলাদেশ পেয়ে যাবে সেমিফাইনালের টিকেট।
গ্রুপের প্রথম দু’ম্যাচ জিতে ইতোমধ্যে সেমিতে নাম লিখিয়েছে ইংলিশরা। আর গতরাতে বাংলাদেশের কাছে হেরে প্রথম দল হিসেবে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় নিউজিল্যান্ড।





