প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাসীন আওয়ামী লীগের ওপর এখনো দেশের অধিকাংশ মানুষের সমর্থন রয়েছে বলে তথ্য উঠে এসেছে দ্য ইনডিপেন্ডেন্ট ও রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) এক জরিপে।

২০১৭ সালের মার্চ মাসে ফোনের মাধ্যমে ১ হাজার ৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের সাক্ষাৎকারের মাধ্যমে এই জরিপ পরিচালনা করা হয়। জরিপ প্রতিবেদনে বলা হয়, দেশের অধিকাংশ মানুষ তাদের জীবনযাত্রার মান নিয়ে সন্তুষ্ট এবং সার্বিক উন্নয়নের বিষয়ে আশাবাদী।

জরিপে অংশ নেয়া ৬৮.৬ ভাগ উত্তরদাতা মনে করেন দেশে সঠিক পথে এগিয়ে যাচ্ছে। সঠিক পথে এগোচ্ছে না বলে জানান ১৩.৭ ভাগ মানুষ।
প্রতিবেদনে জানানো হয়, বিএনপির চেয়ে আওয়ামী লীগের প্রতি জনসমর্থন বেশি। সেই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চেয়ে জনপ্রিয়তায় অনেক এগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাইয়ের প্রশ্নে ৫৬.৯ ভাগ মানুষ আওয়ামী লীগ সম্পর্কে ‘ভালো’মত দেয়। বিএনপির পক্ষে ‘ভালো’মত প্রকাশ করে ১৮.৫ ভাগ উত্তরদাতা। অন্যদিকে জাতীয় পার্টি সম্পর্কে ‘ভালো’মত প্রকাশ করেছে ১৫ ভাগ।

আওয়ামী লীগের প্রতি নেতিবাচক মত প্রকাশ করে ২.৬ ভাগ উত্তরদাতা। বিএনপির প্রতি এই হার ৪৪.১ শতাংশ। আর ২৫.৪ ভাগ উত্তরদাতা জাতীয় পার্টির প্রতি নেতিবাচক মত দেয়।