চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে নিজ পরিবারের এক সদস্যকে হত্যা মামলার আসামী একই পরিবারের চার জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন, নাচোল উপজেলার চকনেজামপুর গ্রামের মৃত ওমর আলীর স্ত্রী শামিমা বেওয়া (৬০), তার দুই ছেলে আমির হামজা (৩০) ও আনসার আলী (২২) এবং মেয়ে একই এলাকার মাসুম আলীর স্ত্রী হাফসা বেগম (২৫)।

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চকনেজামপুর গ্রামে আমির হামজার বাড়িতে তার পরিবারের সদস্যসহ কিছু ব্যক্তি একত্রিত হয়ে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও একই পরিবারের ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই পুরোনো জেএমবির সক্রিয় সদস্য। এ সময় ওই বাড়ি থেকে ২২ টি জিহাদী বই ও ২টি শাবল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ২০১২ইং সালে জেলার গোমস্তাপুর উপজেলার শেরপুর আড্ডা এলাকায় জেএমবিতে যোগদানে বাঁধা দিতে গিয়ে নিজ পরিবারের সাথে বিরোধের জেরে খুন হন মৃত ওমর আলীর আরেক ছেলে আবদুল্লাহ (২৮)। তাকে পিটিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকান্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত এই চার জেএমবি সদস্যর তিনজনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় হত্যা মামলা রয়েছে। অর্থাৎ নিজ সন্তান ও ভাইকে হত্যার অভিযোগে মামলা রয়েছে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারকৃত চারজনের তিনজনের বিরুদ্ধে।

ওই মামলায় আদালতে চার্জশীট দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। কিন্তু দীর্ঘদিন এরা পলাতক ছিলেন। শুক্রবার নাচোল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে (১৫এর৩/২৫-ঘ) মামলা করে গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।