নিউজিল্যান্ডের বিপক্ষে অবিস্মরণীয় জয়ের পুরস্কার পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে টপকে ফের আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এলো বাংলাদেশ। শুক্রবার কার্ডিফে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখল মাশরাফির দল।
কার্ডিফে নিউজিল্যান্ডের দেয়া ২৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৩ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের অবিশ্বাস্য ২২৪ রানের জুটি টাইগারদের ৫ উইকেটের জয় এনে দেয়।
ঐতিহাসিক এই জয়ের ফলে ৩ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ শুরুর আগে টাইগারদের রেটিং পয়েন্ট ছিল ৯২, অবস্থান ছিল সাত নম্বরে। অন্যদিকে এর আগে ভারতকে হারিয়ে ৯৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বর অবস্থানে ছিল শ্রীলঙ্কা।
কিছুদিনের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিয়ে ছয় নম্বরে দুইবার উঠে এলো বাংলাদেশ। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে ছয় নম্বরে প্রথমবারের মতো উঠে এসেছিল বাংলাদেশ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে সেই ছয় নম্বর অবস্থান হারায় টাইগাররা। এদিকে গতকাল আবার নিউজিল্যান্ডকে হারিয়ে ছয় নম্বর অবস্থানে ফিরলো টাইগার বাহিনীরা।





