প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, ইসলামের নামে যারা সহিংসতা ছড়ায়, তারা ইসলামের শত্রু। তারা ইসলামকে ধ্বংস করতে চায়। তাই তাদের বিরুদ্ধে সবধর্মের মানুষকে সতর্ক থাকতে হবে।
শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে অবস্থিত বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে শুভ বুদ্ধপূর্ণিমা স্বরণে জ্যেষ্ঠ পূজা খণ্ডকালীন ভাবনা অনুশীলন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এইচটি ইমাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি জামায়াতের নেতাকর্মীরা দেশে উন্নয়ন থামানোর চেষ্টা চলাচ্ছে। আন্দোলনের নামে যারা দেশে মানুষ খুন করেছে তাদের কঠোর বিচার করা হবে বলেও জানান তিনি। এর আগে এইচটি ইমাম বোজিজ্ঞান ভাবনা কেন্দ্র পরিদর্শন করেন।
বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক আসিন জিন রক্ষিত থের এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ইয়াসমিন আরা লেখা প্রমুখ।





