ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন বাঙালি কন্যা রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হক এমপি নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রুশনারা আলী বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে ও রূপা ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন ধরে লড়েছেন।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান।

বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী তৃতীয় বারের মতো বিশাল ব্যবধানে বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। যদিও এবার অনেক জল্পনা কল্পনা ছিল, হাড্ডাহাড্ডি লড়াইয়ের। কিন্ত সব কিছুর অবসান ঘটিয়ে হ্যাট্রিক বিজয় ছিনিয়ে আনলেন রুশনারা আলী। এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক বাঙালি প্রার্থী, ধর্মীয় নেতা আজমল মাসরুর।

লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন টিউলিপ সিদ্দিক। আগেরবারও যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ঐ আসন থেকে জয় পেয়েছিলেন তিনি। লেবার দলের প্রার্থী টিউলিপ পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ক্লেয়ার লুইচ লিল্যান্ড পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট।

এদিকে, লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন রূপা হক। রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট।২০১৫ সালে রূপা হক প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। প্রধানমন্ত্রী থেরেসা মে হঠাৎ করে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা দেওয়ায় রূপা হককে দুই বছরের মাথায় আসনটি ধরে রাখার লড়াইয়ে নামতে হয়।