এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। এই বৃষ্টি কারো জন্য আশীর্বাদ আবার কারো অভিশাপ হয়ে এসেছে।
আসরে প্রথম দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ থেকে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। তবে ঝুলে আছে বাকি তিনটি দলের সেমির টিকিট। এমন সমীকরণে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুই দলের জন্যই আজ ‘ডু অর ডাই’ ম্যাচ। কার্ডিফে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
আজ যে দল হারবে তাদের বিদায় নিশ্চিত। আর যারা জিতবে তাদের সেমিতে উঠার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের দিকে।
আগামীকাল শনিবার ইংল্যান্ড যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে তারা গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাবে। সেক্ষেত্রে ইংলিশদের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হবে আজকের ম্যাচে জয়ী দলের। কিন্তু আগামীকাল যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে গ্রুপ ‘এ’ থেকে সেমিতে খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
এমন একটি ম্যাচে ভারসাম্যপূর্ণ একাদশ সাজাবে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ অবশ্য ঠিক করা হবে ম্যাচের আগ মুহূর্তে উইকেট ও আকাশের অবস্থা দেখে। তবে, গত ম্যাচের একাদশ নিয়েই আজ টাইগারদের মাঠে নামার সম্ভাবনা বেশি।
এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে কিউই শিবিরেও উত্তেজনার শেষ নেই। ইংল্যান্ডের কাছে হারলেও অজিদের বিপক্ষে পরিত্যক্ত হয়েছে তাদের ম্যাচ। আর তাই এই ম্যাচ জিতেই আশ্বস্ত হতে চায় তারা। তাদের একাদশেও পরিবর্তনের কোনো আভাস এখনো পাওয়া যায়নি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (উইকেটরক্ষক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, লুক রঞ্চি (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কোরি এন্ডারসন, মিচেল সান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।





