ইরানের পার্লামেন্ট ভবনে গোলাগুলির ঘটনা ঘটেছে। পার্লামেন্ট ভবনে ঢুকে বন্দুকধারীরা নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গোলাগুলির ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছে।

ইরানের আইআরআইবি নিউজ এজেন্সি একজন সংসদ সদস্যের বরাত দিয়ে বলছে, হামলাকারী বেশ কয়েকজন ছিলো এবং তাদের হাতে একে-৪৭ রাইফেল ছিলো। বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনের নিরাপত্তা রক্ষীর পায়ে গুলি করে। ওই ঘটনায় আরও দুই জনপ্রতিনিধি আহত হয়েছেন।
আরেক পার্লামেন্ট সদস্যকে উদ্ধৃত করে ইরানি বার্তা সংস্থা আইএসএনএ জানায়, পার্লামেন্টের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এবং হামলা চালানোর পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক হামলাকারীকে নিরাপত্তা বাহিনী ঘেরাও করে রেখেছে।

পার্লামেন্টের জ্যেষ্ঠ এমপি ইলিয়াস হাজরাতি জানিয়েছেন, দু’টি কালাসনিকোভ রাইফেল এবং একটি হ্যান্ডগান নিয়ে তিনজন হামলাকারী পার্লামেন্ট ভবনে হামলা চালিয়েছে।

হামলার পরপরই পুরো এলাকা নিয়ন্ত্রণে এনেছে নিরাপত্তা বাহিনী। তারা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে অবস্থান করছেন। তবে হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।