পরাক্রমশালী ভারতের কাছে শ্রীলঙ্কার এই দলটি নেহাৎই নবীন এবং দুর্বল। গত ম্যাচে কোহলিদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান।

সেই ভারতের বিপক্ষেই আজ দুর্দান্ত লড়াই করছে অ্যাঞ্জেলো ম্যাথুজের শ্রীলঙ্কা। আজকের ম্যাচটা হারলেই যে মহাবিপদ! ভারতের দেওয়া ৩২২ রানের টার্গেট মোকাবেলায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩৯ ওভারে ৩ উইকেটে ২৩৭ রান।

ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানেই প্রথম উইকেট হারিয়েছিল লঙ্কানরা। ভুবনেশ্বর কুমারের বলে রবীন্দ্র জাদেজার তালুবন্দী হন নিরোশান ডিকাভিলা (৭)। পরের উইকেট তুলে নিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে কোহলিদের। দ্বিতীয় উইকেটে ১৫৯ রানের দুর্দান্ত জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নন দুই লঙ্কান গুনাথিলানকা এবং কুশল মেন্ডিস। গুনাথিলানকা ৭৬ রানে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হলে ভাঙে এই জুটি। এরপর ৮৯ রান করে কুশল মেন্ডিসও রানআউটের শিকার হন! এখানে কিছুটা খেই হারিয়ে ফেলে ম্যাথুজ বাহিনী। এই মুহূর্তে কুল পেরেরা এবং অধিনাক ম্যাথুজ দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলকে যথারীতি দারুণ সূচনা এনে দেন ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। ওপেনিং জুটি হয়েছে ১৩৮ রানের। এরপর ছোট্ট একটি ধস। পরপর ফিরে যান রোহিত এবং শূন্য রানে অধিনায়ক কোহলি। এতে কিছু যায় আসেনি বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ সমৃদ্ধ দলটির। শিখর ধাওয়ানের সেঞ্চুরি আর সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩২১ রান সংগ্রহ করে ভারত।

অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গাকে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান রোহিত। লঙ্কানরা কোনোভাবেই এই জুটিকে ভাঙতে পারছিল না। শেষ পর্যন্ত সেই মালিঙ্গাই ভরসা হলো। লঙ্কান গতিদানবের বলে থিসারা পেরেরার তালুবন্দী হলেন রোহিত শর্মা। এর আগে ৭৯ বলে ৬ চার আর ৩ ছক্কায় করেছেন ৭৮ রান। ঠিক ৬ বল পরে নুয়ান প্রদীপের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন কোহলি। কোহলির সেদিনকার ধ্বংসযজ্ঞের সঙ্গী যুবরাজ সিংও ব্যর্থ হয়েছেন এদিন। মাত্র ৭ রান করে গুনারত্নের বলে বোল্ড হয়ে যান এই হার্ডহিটার।

এরপর মহন্দ্র সিং ধোনির সঙ্গে চতুর্থ উইকেটে ৮২ রানের জুটি গড়েন ধাওয়ান। ১১২ বলে ১৩ বাউন্ডারিতে ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি হাঁকান ৭৮ ম্যাচ খেলা ধাওয়ান। মালিঙ্গার দ্বিতীয় শিকার হওয়ার আগে তিনি ১২৫ রান করেন। এসময় একটি ছক্কাও হাঁকান তিনি। হার্দিক পান্ডিয়া আজ ‘ম্যাজিক’ দেখাতে পারেননি। লাকমলের বলে কুশল পেরেরার হাতে ক্যাচ দিয়েছেন মাত্র ৯ রানে। এই ৯ রানের মধ্যে ১টি আবার ছক্কা। কিন্তু ‘মি. কুল’ ধোনি আছেন না? চোখ ধাঁধানো সব শটে এদিন তুলে নিলেন ক্যারিয়ারের ৬২তম হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫২ বলে ৭ চার এবং ২ ছক্কায় ৬৩ রানের করে থিসারা পেরেরার বলে চান্ডিমালের হাতে ধরা পড়েন তিনি।