বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এই বাড়ি দখলকারীদেরও একদিন জনগণ উচ্ছেদ করবে বলেও জানান তিনি।
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে বিএনপি-সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-অ্যাবের ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এরা মানুষকে মানুষ মনে করছে না। এখন যাকে ইচ্ছা তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এই বাড়িতে ব্যারিস্টার মওদুদ বহু বছর যাবৎ, ৩০ বছর যাবৎ আছেন। আজকে তাঁকে রাস্তায় বের করে দিয়েছে।’
খালেদা জিয়া বলেন, ‘আমার বাড়িতে আমি প্রায় ৪০ বছর, ওই বাসায়। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এক কাপড়ে। কিন্তু এদের যারা বাড়ি-ঘর দখল করেছে, জনগণ তো এদেরকে দেখবে, জনগণ সহসা জাগছে। এদেরকেও ওই এক কাপড়ে বাড়িঘর থেকে সবাইকে বিদায় করবে। এরা মনে করে না যে এরা খুব ভালোভাবে থাকবে।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ক্ষমতাসীন দলের যারা বিভিন্ন বাড়ি দখল করে আছে, তাদেরও জনগণ একসময় উচ্ছেদ করবে।
আজ বিকেলে গুলশান এভিনিউর ১৫৯ নম্বর হোল্ডিংয়ের বাসা থেকে ব্যারিস্টার মওদুদ আহমদকে উচ্ছেদ করে রাজউক। তারা বাড়িটির পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর মালামাল ট্রাকে তুলে পাশে মওদুদের স্ত্রী হাসনা জে আহমদের বাড়িতে পাঠানো হয়।





