ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক আরোপের প্রসঙ্গে অর্থমন্ত্রীকে সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ বলেন, ডিপোজিটের ওপরে ট্যাক্স দিলেন। সেভিং থেকে আপনি কয় টাকা পাবেন?
মানুষের ওপর কনফিউশন, আতঙ্ক যে ছড়িয়ে দিলেন। ব্যাংকে টাকা রাখলে নাকি বিনিয়োগ হয় না। কোন থিওরিতে এসব কথা বলেন? মেহেরবানী করে আপনি এগুলোতে দৃষ্টি দেন।
অর্থমন্ত্রীকে কথায় কথায় ‘উত্তেজিত’ না হয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আশরাফ। অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, কথায় কথায় এক্সাইটেড না হয়ে ভ্যাটের বিষয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেন। এফবিসিসিআইয়ের সাথে কথা বলেছেন? আরও কথা বলে এটাকে স্বচ্ছ করুন। বাস্তবায়ন প্রয়াস না থাকলে এটা অর্থহীন।
বুধবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাজেট যত বড়ই হোক, এটা যদি বাস্তবায়ন না হয়। তাহলে এটার কোন অর্থই হয় না, নিষ্ফল হবে। বাস্তবায়ন করার মধ্যেই আপনার কৃতিত্ব। সেই কৃতিত্বের জন্য আপনি কথা বলেন, আরও কথা বলেন। আরও কথা বলে এটাকে স্বচ্ছ করুন, স্বচ্ছ হলেইতো এটা বাস্তবায়নযোগ্য হবে। সব কিছুরমধ্যে এভাবে আবেগপ্রবণ হলে চলবে না।





