শনিবার লন্ডনে হামলাকারী তৃতীয় জঙ্গিরও পরিচয় প্রকাশ করল পুলিশ। মঙ্গলবার সকালে মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, মরক্কো বংশদ্ভূত ২২ বছরের ওই ইতালীয় নাগরিকের নাম ইউসেফ জাঘবা। লন্ডনের বিভিন্ন রেস্তোরাঁয় সে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করত।
স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, গত বছর মার্চে তুরস্ক থেকে সিরিয়া পালানোর পথে বলোগনা বিমানবন্দরে ইউসেফকে আটক করেছিল ইতালি পুলিশ। মেট্রোপলিটান পুলিসের অনুমান, লন্ডনে রেস্তোরাঁয় কাজ করার সময়েই অন্য দুই হামলাকারী খুররম এবং রশিদের সঙ্গে তার যোগাযোগ ঘটে।
এর আগে সোমবার রাতেই অন্য দুইজন হামলাকারী খুররম বাট ও রশিদ রিদওয়ানের পরিচয় প্রকাশ করেছিল পুলিশ। ২৭ বছর বয়সী খুররম পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। দ্বিতীয় হামলাকারী ৩০ বছর বয়সী রশিদ রিদওয়ান মরক্কো–লিবিয়া বংশোদ্ভূত। ২০১২ সালে আইরিশ বংশোদ্ভূত চ্যারিস অ্যান ও’লিয়েরির সঙ্গে আয়ারল্যান্ডে বিয়ে হয় তার। স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ না করায় তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সে সময় খুররম আর রশিদ নিকট দূরত্বে বসবাস করতেন। শনিবারের হামলার পরে চ্যারিস অ্যান ও’লিয়েরিকেও গ্রেপ্তার করে পুলিস।
উল্লেখ্য, শনিবার রাত ১০টা নাগাদ একটি সাদা রঙের রেনো ভ্যানের নিচে পাঁচ পথচারীকে পিষে দেয় এ তিন জঙ্গি। তারপর ব্রিজ সংলগ্ন একটি ক্যাফেতে ছুরি হাতে হামলা করে অতিথিদের উপর। এতে মৃত্যু হয় ৭ জনের এবং গুরুতর আহত ৪৮ জন। মেট্রোপলিটন পুলিশের গুলিতেই সে সময় নিহত হয় এ তিন হামলাকারী।





