বাংলাদেশে খেলতে না আসায় আজ অস্ট্রেলিয়ার কঠোর সমালোচনা হয়েছে জাতীয় সংসদে। এসময় লন্ডনে আক্রান্ত এবং নিহত মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে জাসদের একাংশের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল বলেন, আমাদের ছেলেরা বীরের জাতি, ওরা খেলার মাঠ পরিত্যাগ করে আক্রান্ত লন্ডন ত্যাগ করে বাড়িতে ফিরে আসবে না।
আজ সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনের বৈঠকে বাদ জোহর সংসদে পয়েন্ট অব অর্ডারে এ অভিযোগ করেন জাসদের একাংশের এই কার্যকরী সভাপতি।
মঈনুদ্দিন খান বাদল বলেন, আমি জিজ্ঞেস করতে চাই, ম্যানচেস্টার এবং লন্ডনে এই যে ঘটনাগুলো ঘটল এই ঘটনাগুলোর পরে অস্ট্রেলিয়াতো বলেনি খেলা বন্ধ করে তারা দেশে ফেরত যাবে। অথচ বাংলাদেশের প্রতি যে আচরণটি তারা করল সেই আচরণ এ ক্ষেত্রে কিন্তু অনুপস্থিত। বিশ্বের তথাকথিত মাদবরেরা অত্যন্ত অন্যায়ভাবে বাংলাদেশের মত দেশগুলোর উপর নিজেদের অন্যায়-অবিবেচনা প্রসূত অভিমত চাপিয়ে দেয়।
তিনি বলেন, গত শনিবার লন্ডন রক্তাক্ত হয়েছে। এ বছর মোট ৩ বার রক্তাক্ত হয়েছে লন্ডন। যেখানে গত শনিবার রক্তাক্ত হয়েছে তার ২ কিলোমিটারের মধ্যে হোটেলে আমাদের ক্রিকেট দল অবস্থান করছিল। আমি খুব স্পষ্টভাবে বিশ্বের তথাকথিত উন্নত দেশগুলোকে বলতে চাই, আপনারা একই বিষয়ে অন্যরকম আচরণ করেছেন। বাংলাদেশে এ ধরণের সামান্যতম ঘটনাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া বলেছে, বাংলাদেশে নিরাপত্তা নাই, তারা খেলতে যেতে পারবে না। আজকে কিন্তু জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কেউ এখন নিরাপদ নয়। এটা সারাবিশ্বের একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছ, এ কথাটিই বাংলাদেশ বলেছিল।
তিনি আরও বলেন, আমরা অত্যান্ত জনবহুল একটা দশ, এই জনবহুল দেশের নিরাপত্তার জন্য আমরা আমাদের সাদ্যমত চেষ্টা করছি। এবং সেই চেষ্টার প্রতিশ্রুতিতে আমরা ব্যাপারটিকে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছি।





