বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে আছেন এখন । আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত দুই ম্যাচে করেছেন ২২৩ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফির কন্ঠে তামিমের প্রশংসা স্বাভাবিকই ছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্ভোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৪ বলে ১২৮ রান করার পর গতকাল ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরীর কাছাকাছি গিয়ে মাত্র ৫ রান দূরে আউট হয়েছেন তামিম। যেখানে দলের অন্য ব্যাটসম্যানরা দুই অক্ষরের স্কোর করতেই হিমশিম খেয়েছেন সেখানে ১১৪ বলে ৬ টি চার আর ৩ টি ছক্কায় ৯৫ রান করেন তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের বিপক্ষে অনুশীলন ম্যাচেও সেঞ্চুরী করেছিলেন এই ড্যাশিং ওপেনার।
তামিমের ব্যাটিং নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেন, “ক্রিকেট বিশ্বের দুই সেরা দলের সাথে তামিম গত দুই ম্যাচে যেভাবে ব্যাটিং করেছে এটা প্রমাণ করে সে কি দুর্দান্ত ফর্মে আছে। এমনকি আপনি দেখতে পারেন সর্বশেষ ৮-১০ টি ম্যাচেও তামিম বড় স্কোর গড়েছে। সে পাকিস্তানের সাথে সেঞ্চুরী করেছে, শ্রীলংকার মাটিতে তাদের বিপক্ষে শতক হাঁকিয়েছে। আমি মনে করি, দুনিয়ার সেরা ব্যাটসম্যানরা সেরা সময়ে যেভাবে ব্যাট করে তামিম তাই করেছে।”
অন্যদের থেকে যে তামিম আলাদা সেটাও উল্লেখ করেন বাংলাদেশ অধিনায়ক, “সে তাঁর ফর্ম যথার্থ ও ধারাবাহিকভাবে ব্যবহার করেছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, সে যেভাবে পেসারদের বল ডাউন দ্যা ট্রাকে এসে খেলেছে এটাই তাঁর উদ্দেশ্যের প্রমাণ রাখে। বর্তমান অন্যান্য ব্যাটসম্যানদের থেকে সে ভালো অনুভব করছে এবং সে অন্যদের থেকে আলাদা।”





