পেশাভিত্তিক মন্ত্রনালয় প্রতিষ্ঠা, চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, চিকিৎসকদের উপর হামলার বিচার ও দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে খুলনায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার (৬ জুন) দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে খুলনা জেলা ও বিভাগীয় বিএমএ’র উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএমএ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা জেলার সভাপতি ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিএমএ খুলনার সাধারন সম্পাদক ডাঃ মেহেদী নেওয়াজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের ডাঃ বঙ্গকমল বসু, সিভিল সার্জন আব্দুর রাজ্জাক, নড়াইল বিএমএ’র আঃ কাদের, যশোরের ডাঃ এনামুল হক, সাতক্ষীরার ডাঃ আমিনুল ইসলামসহ বিভাগের ১০ জেলার চিকিৎসক নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সরকারের স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসকদের উপর নেতিবাচক দৃষ্টি ভঙ্গির কারণে চিকিৎসকদের উপর হামলা, ক্লিনিক-হাসপাতাল ভাংচুর, মামলা ও গ্রেফতার করা হচ্ছে। দ্রুত এ সব ঘটনার বিচার ও চিকিৎসকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে বিএমএ ধর্মঘট, কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের ডাক দিবে বলেও হুশিয়ারী দেয়া হয়।





