জিলাপির প্যাচ কথাটির সাথে আমরা সবাই পরিচিত । জিলাপির প্যাচওয়ালা মানুষ অপছন্দ হলেও জিলাপি আমরা প্রায় সবাই ভালোবাসি।

জিলাপি ছাড়া যেন ইফতার চিন্তাই করা যায় না। প্রায় সব সময় দোকান থেকেই কিনে আনা হয় এই খাবার । সবাই বেশ ঝামেলা মনে করেন জিলাপি তৈরিতে । এখন থেকে ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করতে নিতে পারবেন এই জিলাপি। আর জিলাপি তৈরির রেসিপিটি দেখে নিন এক নজরে।

উপকরণ:

সিরা তৈরির জন্য

৩ কাপ পানি
৩ কাপ চিনি
৮-১০টি জাফরান
২-৩ ফোঁটা খাওয়ার রং

জিলাপির ব্যাটার তৈরির জন্য

১ কাপ ময়দা
১/২ চা চামচ বেকিং পাউডার
২ টেবিল চামচ ঘন টকদই

পানি
তেল

প্রণালী:

১। প্রথমে চিনির সিরা তৈরি করার জন্য পানি, চিনি এবং জাফরান একসাথে চুলায় দিন।
২। উচ্চ তাপে সিরা জ্বাল দিন। যেন চিনি সম্পূর্ণভাবে গলে যায়। চিনির সিরাটি খুব বেশি পাতলা না হয়, কিছুটা ঘন থাকে সেদিকে লক্ষ্য রাখবেন।
৩। চিনির সিরা ঘন হয়ে এলে এতে খাবারের রং মিশিয়ে নামিয়ে ফেলুন।
৪। একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার এবং টকদই একসাথে মেশান।
৫। এরসাথে অল্প পরিমাণ পানি মিশিয়ে কিছুটা ঘন করুন (ভিডিও অনুযায়ী)। ব্যাটার খুব বেশি পাতলা অথবা ঘন যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
৬। মাঝারি আঁচে চুলায় তেল গরম করতে দিন। তেল যেন খুব বেশি গরম না হয়।
৭। কেচাপের বোতলে জিলাপির মিশ্রণটি ঢেলে নিন। যদি কেচাপের বোতল না থাকে তাহলে একটি প্ল্যাস্টিকের ব্যাগে ব্যাটার ভরে এর এক কোণে ছোট্ট ফুটো করে নিন। এতে জিলাপি বানাতে সুবিধা হবে।
৮। তারপর গোল গোল (ভিডিও অনুযায়ী) করে জিলাপি তেলে দিয়ে দিন।
৯। বাদামী রং হয়ে এলে তেল থেকে নামিয়ে সাথে সাথে গরম চিনির সিরায় দিয়ে দিন।
১০। এক মিনিট চিনির সিরায় রেখে নামিয়ে ফেলুন।
১১। ব্যস তৈরি হয়ে গেল মজাদার জিলাপি।