আজ সকালে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান।
এদিকে লতিফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার বেলা ১১টার পর আর বসেনি আপিল বিভাগ। এ ছাড়া দুপুরের পর বসবে না হাইকোর্ট বিভাগও।
হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ জানিয়েছেন, ‘আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি লতিফুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, ১৯৩৬ সালের ০১ মার্চ যশোর শহরে জন্মগ্রহণ করেন লতিফুর রহমান। ১৯৬০ সালের ১২ মার্চ তিনি ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভূক্ত হন।
১৯৭৯ সালের ০১ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগে অস্থায়ী বিচারপতি হিসেবে এবং ১৯৮১ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। ১৯৯০ সালের ১৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
২০০০ সালের ১ জানুয়ারি বাংলাদেশের দশম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন লতিফুর রহমান। প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি। ওই বছরের ১৫ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।
প্রধান উপদেষ্টার দায়িত্ব হস্তান্তরের পর বিচারপতি লতিফুর রহমান তার উপদেষ্টা থাকাকালীন অভিজ্ঞতা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলি ও আমার কথা নামের একটি বই লিখেন।





