আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে আশা বেঁচে রইলো বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের নিশ্চিত পরাজয় বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি।
যার ফলে এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়েছে লাল-সবুজ বাহিনী। ফলাফল জমে উঠেছে গ্রুপ এ। টুর্নামেন্ট টিকে থাকতে ৯ তারিখ কার্ডিফে নিউজিল্যান্ডকে টাইগারদের হারাতেই হবে।
অন্যদিকে ইংল্যান্ড যেন পরের দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারায় এমন কামনা করতে হবে। আপাতত সেমি ফাইনালে উঠার টাইগারদের জন্য সহজ সমীকরণ এটি।
২০১৫ বিশ্বকাপেও বৃষ্টির কারণে ভেস্তে গেছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। সেই ম্যাচের এক পয়েন্ট টাইগারদের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই ম্যাচের কথা মনে করে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেন, “আমার মনে আছে, ২০১৫ বিশ্বকাপে আমরা অস্ট্রেলিয়ার থেকে এক পয়েন্ট পেয়েছিলাম। যেটা আমাদের পরবর্তি পর্বে পৌঁছাতে সাহায্য করেছিল। এবার আমাদের সামনে সরাসরি সুযোগ যদিও আমাদের নিউজিল্যান্ডকে হারাতে হবে। আমাদের প্রধান লক্ষ্য শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেরাটা দেয়া, বাকিটা বলা যায় না!”
এদিকে ম্যাচে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রন ছিল, সেটা স্বীকার করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “আপনি যদি আজকের ম্যাচের দিকে তাকান, তাহলে আমি মনে করি অস্ট্রেলিয়া আমাদের থেকে অনেক এগিয়ে ছিল।
অন্যদিকে নিউজিল্যান্ডের সাথে আবার অস্ট্রেলিয়া আমাদের জায়গায় ছিল। আপনি আবহাওয়া নিয়ে কিছু করতে পারবেন না। দুই দলেই এখন একই অবস্থানে আছে। অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে হবে। অন্যদিকে আমাদের সামনে এগুতে হলে নিউজিল্যান্ডকে হারাতে হবে।”
উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ৯ই জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।





