চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চামাবাজার এলাকায় চাঁদা আদায়কালে একটা খেলনা পিস্তল ও একজোড়া হ্যান্ডক্যাপসহ ৩ ভুয়া ডিবি পুলিশকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে স্থানীয় জনতা।

আটককৃতরা হলো- উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর রিফিউজিপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আতিকুল ইসলাম (২৯), সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)। পরে তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে আটটার সময় শ্যামপুর চামাবাজারে তুহিন নামে এক মোবাইল ব্যবসায়ীর কাছ থেকে ওই ৩ জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে খেলনা পিস্তল ও হ্যান্ডক্যাপের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। এ সময় তুহিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করে। পরে তুহিনের চিৎকারে বাজারের আশপাশের লোকজন ছুটে এসে ৩ জন ভুয়া ডিবি পুলিশকে ধরে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে তাদের ডিবি পুলিশের পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয় জনতা তাদের পুলিশে সোপর্দ করে।

স্থানীয়রা আরও জানায়, আটককৃত ৩ জনের মধ্যে আনোয়ার ও শামীম খাগড়াছড়ি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবিতে) কর্মরত রয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।