চেষ্টার কোনো কমতি ছিল না। কখনো চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে, কখনো বা এ-পাশ ও-পাশ পাইচারি।

কয়েকবার মোবাইলটিকে থাবড়েও ছিলেন। কিন্তু, কোনো কিছুতেই লাভ হয়নি। শেষ পর্যন্ত মই দিয়ে গাছে ওঠার পর নেটওয়ার্ক মিলল! তা-ও আবার খাপছাড়া।

ফোনের নেটওয়ার্ক নিয়ে এমন সমস্যায় যিনি পড়লেন, তিনি যেমন তেমন মানুষ নন! কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র রাজস্থানের বিকানেরের ধুলিয়া গ্রামে সভা করছিলেন অর্জুন। শুনছিলেন গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা। এর মধ্যেই একজন তাঁকে গ্রামের হাসপাতালের দুরাবস্থার কথা জানান। অভিযোগ তোলেন, স্থানীয় হাসপাতালে পর্যাপ্ত নার্স নেই।

এর পরই মন্ত্রী এক স্বাস্থ্য কর্মকর্তাকে ফোন করতে যান। সমস্যাটি টের পান তখনই। কিছুতেই পাচ্ছিলেন না মোবাইলের সিগন্যাল। সে সময় এক গ্রামবাসী মেঘওয়ালকে গাছে ওঠার পরামর্শ দেন। খুঁজে নিয়ে আসা হয় বিশাল এক মই। ওই মই দিয়ে গাছে উঠে এক কর্মকর্তাকে ফোন করেন মন্ত্রী।

সেই ফোন করতেই তার নাস্তানাবুদ অবস্থা। প্রায় গাছে চড়ে অর্জুনের এই ফোন করার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওকে হাতিয়ার করে গোটা দেশে মোবাইল নেটওয়ার্কের দুরবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। পরিকাঠামো নেই, অথচ ডিজিটাল ইন্ডিয়ার পক্ষে ভারত সরকারের এত প্রচার কেন, উঠছে সেই প্রশ্নও।

তবে, মোবাইল নেটওয়ার্কের সমস্যাটি নজরে আসতেই অর্জুন উপস্থিত কর্মকর্তাদের ওই এলাকায় আগামী তিন মাসের মধ্যে মোবাইল টাওয়ার এবং বিদ্যুতের খুঁটি বসানোর নির্দেশ দেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।