যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
আজ সোমবার সকালে পুটখালী গ্রামের জেলেপাড়া থেকে বাবুল আক্তার নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবির পুটখালী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে জেলেপাড়া দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পর সকাল ৮টার দিকে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় বাইসাইকেলে করে সীমান্তের দিকে যাওয়ার পথে বাবুল আক্তারকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০টি সোনার বার পাওয়া যায়।
আবুল হোসেন জানান, উদ্ধার করা সোনার বারের মূল্য প্রায় ৩৮ লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। বাবুল আক্তারকে থানায় সোপর্দ করা হয়েছে।





