চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সড়ক থেকে গত রবিবার রাতে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পরে তাদের পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে জেলার নাচোল ও শিবগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর আব্বাসবাজারের মৃত মকবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৫৫) ও গোমস্তাপুর উপজেলার রহনপুর রহমতপাড়ার মোঃ আতাউর রহমানের ছেলে আল আমিন (২৪)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টায় মনাকষা সড়কে অভিযান চালিয়ে এই দুইজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে এই দুইজনকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তার আল-আমিনকে নাচোল থানায় গত ১২ মে দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলার আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তার সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন।
অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুস সালাম রিমান্ড শুনানী শেষে আল-আমিন এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় জেলার বিভিন্ন স্থান হতে বিপুল পরিমান বিস্ফোরকসহ গ্রেপ্তার সাত জেএমবি সদস্য বর্তমানে কারাগারে রয়েছেন।
অন্যদিকে গ্রেপ্তারকৃত রুহুল আমিন গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে শিবগঞ্জের শিবনগর এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট টিমের ‘অপারেশন ঈগল হান্ট’ অভিযানে নিহত চার জঙ্গির অন্যতম আবুর শ্বশুর।
এদিকে রুহুল আমিন ও আল আমিনকে শিবগঞ্জ থানায় গত ২৮ এপ্রিল শিবনগরের ঘটনায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী মামলার আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সাত দিন করে রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। কিন্তু ইতিমধ্যে নাচোল থানায় রিমান্ডে যাওয়া আল আমিনের রিমান্ড শেষ হবার পর এদের শিবগঞ্জ থানার মামলায় চাওয়া রিমান্ড আবেদনের শুনানী হবে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।





