চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় দ্বৈরথ এখন খুব একটা দেখা যায় না। দুই দেশের রাজনৈতিক বৈরিতার শিকার হয়েছে ক্রিকেট অঙ্গনও।

আজ অবশ্য আকর্ষণীয় এই ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ মিলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কল্যানে।

আসরে আজ দুই দল প্রথম লড়াইয়ে নেমেছে। এই মহারণে কোন দল জিতবে, তা নিয়ে শুরু হয়ে গেছে জোর আলোচনা। তবে এই ম্যাচে ভারতই জিতবে বলে মনে করেন দেশটির সাবেক ওপেনার বিরেন্দর শেবাগ।

অনেকটা স্বভাবসুলভ ভঙ্গিতে ভারতের সাবেক বিস্ফোরক ব্যাটসম্যান শেবাগ বলেন, “পাকিস্তানকে আজ ‘বেগুনের ভর্তা’ বানিয়ে ছাড়বে ভারত।”

পরে আবার কটাক্ষ করে শেবাগ বলেন, ‘আশা করি, পাকিস্তানের জনগণ এই ম্যাচে হারের পর টিভি সেট ভাঙবে না। টিভি ভাঙার পরিবর্তে তাদের উচিত আগে থেকে রেডিও সেট কিনে নেওয়া। কারণ, তা কম খরচের। ভাঙলেও বড় ক্ষতি হবে না।’

এর জবাব দিয়েছেন পাকিস্তানি সাবেক পেসার শোয়েব আখতার। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের দেশে বহু পুরোনো অনেক চায়না টিভি সেট রয়েছে। সেগুলো ভাঙলে ক্ষতি নেই।’

এদিকে আজ টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। টস জিতে প্রথমে তিনি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিরাট কোহলির ভারতকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।

চার পেসারের দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। প্রথম একাদশে জায়গা হয়নি রবীচন্দ্রন অশ্বিনের। উমেশ যাদব, ভুবনেশ্বর কুমারের সঙ্গে আছেন জাসপ্রিত বুমরা ও অলরাউন্ডার হার্দিক পান্ডে।

পাকিস্তান বোলিং আক্রমণ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজের সঙ্গে আছেন মোহাম্মদ আমির ও হাসান আলী। আছেন দুই স্পিনার শাদাব খান ও ইমাদ ওয়াসিম।

ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও জাসপ্রিত বুমরা।

পাকিস্তান দল: আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, ওয়াহার রিয়াজ ও হাসান আলী।