ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন। আহত হয়েছে অন্তত ১৫ জন। ঘটনাটি ঘটেছে নান্দাইল পুরাতন বাসষ্ট্যান্ড ও চামটা এলাকায়।

স্থানীয় সুত্রে জানা যায়, আজ শনিবার দুপুর দেড়টার দিকে নান্দাইল পুরাতন বাসষ্ট্যান্ডে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী এম কে সুপার (ময়মনসিংহ জ-০৫-০০০৩) যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের ষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পথচারীসহ সি.এন.জি ও অটোবাইককে চাপা দেয়। এ সময় সিএনজির যাত্রী পৌর এলাকার পাছপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। বাস চাপায় আহত হয় মহিলাসহ কমপক্ষে ১৫ জন।

আহতদের নান্দাইল হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের অবস্থা আশংকাজনক বলে জানান নান্দাইল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নূরুজ্জামান। অন্যান্য আহতদের নান্দাইল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বাস চাপায় একটি সিএনজিতে আগুন ধরে গেলে সম্পূর্ণ পুড়ে যায় এবং আরো ৪টি অটোবাইক দূমড়ে মুচড়ে যায়। নান্দাইল মডেল থানা পুলিশসহ ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করছে।

অপরদিকে সকাল ১১ টায় উপজেলার চামটা বাসষ্ট্যান্ড এলাকায় ভৈরব থেকে ময়মনসিংহগামী শ্যামলছায়া পরিবহনের একটি বাস টমটম গাড়ীকে চাপা দিলে টমটমের চালক চামটা গ্রামের নজরুল ইসলাম (২৫) ঘটনাস্থলেই মারা যায়।