টানা ১১টি জয়ের রেকর্ড আফগানিস্তানের। যার বিরুদ্ধেই হোক, ১১টি টানা জয়ের রেকর্ড গড়ে যেন আকাশে উড়ছিল আফগানরা। অবশেষে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদেরকে থামতে হলো।
টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের টানা ১১ জয়ের রেকর্ডের পর ৮টি করে জয় নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড।
ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল মাত্র ১১১ রানের। স্বাগতিকদের ঝোড়ো সূচনা এনে দেন চাঁদউইক ওয়ালটন ও এভিন লুইস। দুজন উদ্বোধনী জুটিতে ২১ বলে যোগ করেন ৩৩ রান। ওয়ালটন ১৫ বলে ৫ চারে ২২ করে ফিরলেন ভাঙে এ জুটি।
দলীয় ৬৩ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৬ বলে ৩ ছক্কা ও এক চারে ২৬ রান করেন লুইস। এরপর দলকে ৮২ পর্যন্ত টেনে নিয়েছেন মারলন স্যামুয়েলস ও লেন্ডল সিমন্স। রশিদ খানের বলে বোল্ড হওয়ার আগে ৬ রান করেন সিমন্স। ৩৬ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৫ রান স্যামুয়েলসের।
দলীয় ৯৯ রানে স্যামুয়েলসের বিদায়ের পর ২১ বল বাকি থাকতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জেসন মোহাম্মেদ ও রোভমান পাওয়েল। মোহাম্মেদ ২৫ বলে ১৮ ও পাওয়েল ২ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন শাপুর জাদরান।





