বরাবরের মতো এবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টপ ফেবারিট হিসেবেই খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। তারা এখন ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর দল।
র্যাংকিংয়ের এক নম্বর বোলার ক্যাগিসো রাবাদা ও এক নম্বর ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স খেলেন এই দলের জার্সি গায়ে জড়িয়ে।
আর শ্রীলঙ্কার ক্রিকেট দল সম্প্রতি একটু হলেও কক্ষপথ থেকে সরে গেছে। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকারত্নে দিলশানের পর নিজেদের হারিয়ে খুঁজছে বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সাবেক চ্যাম্পিয়নরা। ওয়ানডে র্যাংকিংয়ে নামতে নামতে সাত নম্বরে এসে ঠেকেছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।
এর মধ্যে গত জানুয়ারিতেই দক্ষিণ আফ্রিকা সফর করে এসেছে শ্রীলঙ্কা। আর তাতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছে সফরকারীরা। এর আগে অস্ট্রেলিয়াকেও ৫-০ ব্যবধানে কুপোকাত করেছিল ভিলিয়ার্স-প্লেসিসরা।
তবে, আজ যখন ইংল্যান্ডে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুটি দল মুখোমুখি হবে তখন নিঃসন্দেহেই এসব ইতিহাস-পরিসংখ্যান আর ফেবারিট-আন্ডারডগের হিসাব-নিকাশ ভুলে গিয়েই মাঠে নামবে দল দুটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের কেনিংটন ওভালে।
তবে, দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স আশাবাদী। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হেরে যাওয়া দলটির অধিনায়ক অবশ্য শ্রীলঙ্কাকে সহজভাবে নিতে নারাজ, ‘আমরা এখনও ওয়ানডের এক নম্বর দল। ফলে, আমরা তো আশাবাদী হতেই পারি। তবে, আমাদের এক নম্বরে থাকার স্বস্তি পেয়ে বসলে চলবে না। আমাদের পরিশ্রম করেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হবে।’
শ্রীলঙ্কার জন্য সুসংবাদ হল, আজকের ম্যাচ দিয়েই অনেক দিন বাদে ওয়ানডে ক্রিকেটে ফিরছেন দলটির অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা। হাঁটুর ইনজুরির কারণে ২০১৫ সালের নভেম্বরের পর থেকে আর ওয়ানডে ক্রিকেটে খেলা হয়নি তার।
মালিঙ্গা যদিও, এর মধ্যে বিস্তর টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন তিনি। সেখানে একটা হ্যাটট্রিকও পান তিনি। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা জয়েও বড় অবদান রাখেন তিনি।
মালিঙ্গার প্রত্যাবর্তন আশাবাদী করছে লঙ্কানদের। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বলেন, ‘ও অনেক বছর যাবত্ আমাদের শীর্ষ বোলার। ওকে আমরা বেশ ক’দিন হল মিস করছিলাম। ওর প্রত্যাবর্তনের দিকে আমরা মুখিয়ে আছি। আশা করি মালিঙ্গা দারুণ পারফরম করবে।’
তবে, লঙ্কানদের জন্য দুঃসংবাদ হল ম্যাচটিতে অধিনায়ক ছাড়াই মাঠে নামতে হতে পারে দলটিকে। ‘কাফ স্ট্রেইন’-এর কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচেও ছিলেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি আদৌ খেলবেন কি না সেটা শুক্রবার ফিটনেস টেস্টের পর নিশ্চিত হওয়ার কথা লঙ্কান টিম ম্যানেজমেন্টের।
ম্যাচে অস্ট্রেলিয়ানদের ভোগাতে পারেন বাঁ-হাতি স্পিনার লক্ষ্মণ সান্দাকান। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার এরই মধ্যে জাতীয় দলের হয়ে ছয়টি ম্যাচ খেলে ফেলেছেন। বলাবলি হচ্ছে, তিনি না কি লঙ্কানদের আগামীদিনের তারকা। কে জানে, হয়তো এই লক্ষ্মণের সামনে দক্ষিণ আফ্রিকানের স্পিনে দুর্বলতা ফাঁস হয়ে যাবে।
সেটা হলে, ম্যাচটা একপেশে হওয়ার কোনো কারণ নেই বললেই চলে!





