উপরের হেডলাইন পড়ে অবাক হয়ার কিছু নেই। সব ঠিক থাকবে শুধু দলের নাম পরিবর্তন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এখন থেকে ‘ক্যারিবিয়ান ক্রিকেট দানব’দের নাম কেবল ‘উইন্ডিজ’।
নিজেদের ৯১ তম প্রতিষ্ঠা দিবসে ‘দ্য ক্রিকেট বোর্ড ফর ওয়েস্ট ইন্ডিজ’ নিজেদের নাম বদল করে নামকরণ করল ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ’। এরই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নাম পরিবর্তন করে ‘উইন্ডিজ’ করার কথাও জানিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের নাম বদলের বিষয়টি একটি বিবৃতি আকারে পেশ করেছে। যেখানে বোর্ড সিইও জনি গ্রেভস জানিয়েছেন, “আমরা বহুদিন ধরেই অনেকগুলো পার্টনারদের সঙ্গে একত্রে কাজ করে আসছি। ক্যারিবিয়ান ক্রিকেটের উন্নতির লক্ষ্যেই আমরা একসঙ্গে কাজ করছি।
আমরা ঠিক করেছি নিজেদের মধ্যেকার বন্ধনকে আরও দৃঢ় করব, আর সেই মতই ‘২০১৮-২০২৩’ সালের জন্য একটি পরিকল্পনাও তৈরি করেছি আমরা”। দলের নাম পরিবর্তনের বিষয়ে ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ’ জানিয়েছে, চলতি ভাবে ‘উইন্ডিজ’ নামের মধ্য দিয়েই আরও প্রগাঢ় ভাবে প্রতিষ্ঠিত হবে ক্যারিবিয়ান দ্বীপের ক্রিকেট ঐতিহ্য।





