রূপগঞ্জে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ রাজধানীর দিয়াবাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে মিল রয়েছে এবং একইভাবে লুকিয়ে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শুক্রবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ৫ নম্বর সেক্টরে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

একই চক্র এর পেছনে সক্রিয় থাকতে পারে উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, ‘অস্ত্রগুলো দেখে মনে হচ্ছে- এগুলো সক্রিয়, সচল ও স্বয়ংক্রিয়। ধারণা করছি এগুলো দুই তিনমাস আগে এখানে রাখা হয়েছে।’

এ ঘটনায় জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভিন্ন আস্তানায় যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে তার সঙ্গে এই অস্ত্রের মিল নেই। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রূপগঞ্জে অভিযান চালিয়ে ৬২টি এসএমজি, ৫১টি ম্যাগাজিন, ৫টি পিস্তল, ২টি ওয়াকিটকি, ২টি রকেট লঞ্চার, ৫৪টি গ্রেনেড, বিপুল পরিমাণ গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম, ডেটোনেটর ও গুলি উদ্ধার করা হয়। বিশেষভাবে মুড়িয়ে প্লাস্টিকের ব্যাগে ভরে দড়ি দিয়ে এসব অস্ত্র গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল।