জাতীয় সংসদে উত্থাপিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উন্নয়ননির্ভর কিন্তু কর্মসংস্থানমুখী নয় বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।

আজ বৃহস্পতিবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক এক বিবৃতিতে এ কথা বলেন।

বাজেটের ওপর প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়ে দেওয়া বিবৃতিতে জেএসডির নেতারা বলেছেন, ‘দেশ পরিচালনায় ২০১৭-১৮ অর্থবছরের সরকারের বাজেটে উন্নয়ন পরিকল্পনা খাতে বিরাট বরাদ্দ আছে। এ ছাড়া রয়েছে দেশরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসন চালানোর জন্য বিশাল রাজস্ব ব্যয়।’

বিবৃতিতে বলা হয়, ‘কিন্তু বাংলাদেশে বেকারত্ব এখন বড় সমস্যা। কর্মসংস্থানমুখী বাজেট তৈরি ও এর জন্য বিশেষ পরিকল্পনা ও বরাদ্দ প্রয়োজন, যা এ বাজেটে প্রতিফলিত হয়নি। ব্যাপক বেকারত্বের অবসান, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগের অনুকূল পরিবেশ এবং সুশাসন নিশ্চিত করতে না পারলে বিশাল এ বাজেট গণমুখী না হয়ে গতানুগতিক বাজেটেই সীমাবদ্ধ থাকবে।’