প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে আমলা দ্বারা অগণতান্ত্রিক পদ্ধতিতে তৈরি বিশাল বাজেটে বিপুল করের বোঝা জনগণের কাঁধে চাপানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

আজ বৃহস্পতিবার বাজেট-পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে খালেকুজ্জামান এ কথা বলেন। খালেকুজ্জামান বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়ায় এই বাজেটকে আমলাদের দ্বারা অগণতান্ত্রিক পদ্ধতিতে প্রণীত বিশাল বাজেটের নামে জনগণের ওপর বিপুল বোঝা বলে আখ্যায়িত করেছেন। সরকার এবারের বাজেট আয়তনে বড় বলে আত্মতুষ্টি প্রকাশ করছে অথচ এর দায় যে সাধারণ শ্রমজীবী মধ্যবিত্ত জনগণকেই বহন করতে হবে সে বিষয়ে নিশ্চুপ।

বিবৃতিতে বলা হয়, গত বছরের চেয়ে ৩৪ শতাংশ বেশি রাজস্ব আদায়, ১৫ শতাংশ ভ্যাট আরোপ, এক লাখ ১২ হাজার কোটি টাকার ঘাটতি বাজেট এবং ঘাটতি পূরণের জন্য দেশি-বিদেশি ঋণ গ্রহণ এবং তার সুদ পরিশোধের বোঝা জনগণের ওপর চাপানো, কালো টাকা সাদা করার সুযোগ এবারেও রাখা হয়েছে। কর রেয়াতের নামে ধনিক শ্রেণিকে সুবিধা প্রদান এই বাজেটের অন্যতম বৈশিষ্ট্য।

খালেকুজ্জামান বলেন, ‘এ বাজেট ধনবৈষম্য আরো বৃদ্ধি করবে। মেগা প্রজেক্টের জন্য থোক বরাদ্দ হলেও শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থানের জন্য বরাদ্দ আনুপাতিক হারে বাড়েনি। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানসমূহ খালি করে তা পুনর্ভরণের জন্য জনগণের ওপর করের বোঝা চাপানো হয়েছে। কাজেই বাজেটের উদ্দেশ্য হলো জনগণের ওপর করের বোঝা বাড়িয়ে দেশি-বিদেশি লুটপাটকারীদের স্বার্থ রক্ষা করা।