মেয়েকে উত্তক্ত উত্ত্যক্তকরার ঘটনায় থানায় অভিযোগ দেয়ায় মাগুরার সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের কৃষক বিনয় বিশ্বাস এবং তার স্কুল পড়ুয়া মেয়ে রমা বিশ্বাসকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা।

গুরুতর জখম বাবা ও মেয়েকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিনয় বিশ্বাসের বাড়ি এই ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন বিনয় বিশ্বাস জানান, একই গ্রামের সজল এবং পার্শ্ববর্তী বরিশাট গ্রামের জনি নামে দুই বখাটে তার মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তিনি তাদের বিরুদ্ধে মাগুরা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ ঘটনার পর থেকে তারা আরো ক্ষুব্ধ হয়ে ওঠে। এনিয়ে উত্ত্যক্তকারী বখাটে সজল ও তার বড়ভাই নাজমুল বিনয় তাকে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে বখাটে সজলের বড় ভাই নাজমুলের নেতৃত্বে ৪-৫ জন যুবক হঠাৎ করেই বাড়ির ভিতরে ঢুকে তার উপর ধারালো ছোরা দিলে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। তাকে উদ্ধারে মেয়ে রমা এগিয়ে এলে তারা তাকেও উপর্যুপরি আঘাত করতে থাকে। এ অবস্থায় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
মাগুরা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক অমরেন্দ নাথ দেওড়ি বলেন, মেয়েটির পিঠে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এছাড়া মেয়েটির বাবার শরীরের বিভিন্ন স্থানেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। তবে বাবা ও মেয়ে দু’জনই এখন আশঙ্কামুক্ত।
মাগুরা সদর থানার এসআই বশির জানান, খবর পেয়ে মেয়েটি ও তার বাবার প্রাথমিক অভিযোগের প্রেক্ষিতে এলাকায় অভিযান চালানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।