স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ছাত্র, শিক্ষক, চিকিৎসক ও কর্মচারী ধূমপান এবং তামাক সেবন করলে ব্যবস্থা নেয়া হবে।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০১৭ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ভবিষ্যতে হাসপাতালগুলোতে নারীদের জন্য ৫০ ভাগ ও পুরুষের জন্য ৫০ ভাগ শয্যা রাখার ব্যবস্থা করা হবে। হাসপাতালে রোগীদেরও ধূমপানমুক্ত থাকতে হবে।
তিনি বলেন, ধূমপান বিষপান। তামাক সেবন মৃত্যুর দিকে এগিয়ে দেয়। এর দ্বারা কোনো উপকার হয় না। তামাক চাষে কোনো লাভ হয় না। তামাক চাষে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাই তামাক চাষের বিকল্প ব্যবস্থা করা যায় কি না তা ভাবতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এদেশীয় প্রতিনিধি ড. নভরত্ম পারানিথারান প্রমুখ। সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন, স্বাস্থ্য সেবা বিভাগ) হারুন উর রশীদ খান।





